উত্তরায় ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় রিকশা গ্যারেজ ও ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ আগস্ট) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

নিহতরা হলেন- নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৫) ও আলমগীর হোসেন আলম (২৩)। 

এ দুর্ঘটনায় আহত আটজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে দু'জন পোস্ট অপারেটিভ ও একজন আইসিইউতে মারা যান।

নিহত মাজহারুলের ছোট ভাই রাহাদ মোল্লা জানিয়েছেন, তুরাগের কামারপাড়ায় ঘটনাস্থলে গাজী মাজহারুলের বাড়ি। তিনি ভাঙ্গারি দোকানের ব্যবসা করতেন। রিকশার গ্যারেজটিও ছিল তার। 

রাহাদ মোল্লা আরও জানান, মাজহারুল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুইটায় মারা যান। তার স্ত্রী রোকসানা বেগম। তিন মেয়ের জনক মাজহারুল চার ভাই চার বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়।

অপরদিকে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত রজব আলীর ছেলে নূর হোসেনের ছেলে নাজমুল জানিয়েছেন, রজব আলী পেশায় রিকশাচালক ছিলেন। তুরাগ বামনারটেকে স্ত্রী লাবনী বেগম, দুই ছেলে ও তিন মেয়ে সন্তান নিয়ে থাকতেন তিনি। 

নাজমুল আরও জানান, রজব আলী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাত সোয়া ৩টায় ছেলের সামনেই প্রান হারান। তখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে বলছিলেন তিনি। 

নিহত মোহাম্মদ আলমের চাচা রবিউল ইসলাম জানিয়েছেন, জামালপুর সরিষাবাড়ী উপজেলার দিল বালিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আলম। তিনি ওই রিকশার গ্যারেজের মেকানিক ছিলেন। তিনি রাত সাড়ে এগারোটার দিকে পোস্ট অপারেটিভ ওর্য়াডে চিকিৎসাধীন মারা যান।  

আলম চার-পাঁচ মাস আগে বিয়ে করেন। তার স্ত্রীর নাম স্বর্ণালী আক্তার। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, নূর হোসেনের শরীরের ৯৫, গাজী মাজহারুলের ৩২ ও আলমের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় দগ্ধ আরও পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত

শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগ থানার কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা একজন জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান।

সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউম এর কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে