দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ২৭টি রাজনৈতিক দল। বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে লড়ছেন প্রায় এক হাজার নয়শ’ জন। তবে হাজারো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও আগ্রহের কেন্দ্রে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। আসুন দেখে নিই তাদের কে কোথায় লড়ছেন, ভোটের মাঠে তাদের সবশেষ কি অবস্থা।
টুঙ্গীপাড়া এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ আসনে সপ্তমবারের মতো নৌকার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, এনপিপির শেখ আবুল কালাম, তার প্রতীক আম।
কোম্পানীগঞ্জ এবং কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ, মশাল প্রতীক নিয়ে জাসদের মকছেদুর রহমান এবং ইসলামিক ফ্রন্টের বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা, তার প্রতীক চেয়ার।
সদর উপজেলা নিয়ে রংপুর-৩ আসন। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলের চেয়ারপার্সন জি এম কাদের। লাঙ্গল প্রতীকের এই প্রার্থীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, তার প্রতীক ঈগল। এখানে জাসদের সহিদুল ইসলাম লড়ছেন মশাল, এনপিপির শফিউল আলমের প্রতীক আম।
বিয়ানী বাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসন। এখানে সোনালী আঁশ প্রতীকে লড়ছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। লড়াইয়ে আছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সেলিম উদ্দিন এবং ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন।
সিটি কর্পোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা নিয়ে সিলেট-১ আসন। এখানে নৌকা প্রতীকে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আম প্রতীক নিয়ে এনপিপির ইউসুফ আহমেদ, মিনার প্রতীক নিয়ে ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক।
ভোলা সদর উপজেলা নিয়ে ভোলা-১ আসন। এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির শাহজাহান মিয়া। আছেন মশাল প্রতীকের জাসদ প্রার্থী সিদ্দীকুর রহমানও।
ঝালকাঠী সদর এবং নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসন। এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন। এছাড়া ভোটের মাঠে আছেন এনপিপির ফোরকান হোসেন। আম প্রতীকে লড়ছেন তিনি।
মধুপুর এবং ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী চারবারের সংসদ সদস্য আব্দুর রাজ্জাক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আলী। আছেন গামছা প্রতীকের কৃষক শ্রমিক জনতা লীগের ফারুক আহমেদ ও ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক।
কেরাণীগঞ্জ ও সাভারের একাংশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে ঢাকা-২ আসন। এখানে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী, টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান। মাঠে আছেন জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল এবং ইসলামী ঐক্যজোটের আশ্রাফ আলী জিহাদী। মিনার প্রতীকে লড়ছেন তিনি।
কেরাণীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন নিয়ে ঢাকা-৩ আসন। এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী, একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তার প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম। আম প্রতীকে লড়ছেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকটি আসন নিয়ে ঢাকা-১২ আসন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু। এছাড়া ভোটের মাঠে আছেন সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির মো. নাঈম হাসান ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান।
কালিয়াকৈর এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ১৮ নম্বর ওয়ার্ড নিয়ে গাজীপুর-১ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ।আছেন সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির চৌধুরী ইরান আহমদ সিদ্দিকীও।
চাঁদপুর সদর এবং হাইমচর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনি। নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া।
পীরগাছা এবং কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি । নৌকা প্রতীকের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। এছাড়া ভোটের মাঠে ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলামও আছেন।
মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা নিয়ে মানিকগঞ্জ-৩ আসন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ মালেক। নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রধান প্রতিদ্বন্দ্বী গণফোরামের মফিজুল ইসলাম খান কামাল। উদীয়মান সূর্য প্রতীকে লড়ছেন তিনি। এছাড়া মাঠে আছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল আলম রুবেল এবং সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ।