তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের পক্ষ থেকে এই শোকবার্তা তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানাজাস্থলে উপস্থিত হয়ে তারেক রহমানের সাথে দেখা করেন এবং শোকবার্তাটি হস্তান্তর করেন।

এ সময় তারেক রহমানের পাশে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।

এর আগে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান এস জয়শঙ্কর। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শোক জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সশরীরে ঢাকা সফরকে রাজনৈতিক বিশ্লেষকেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

এটি বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি ভারতের গভীর শ্রদ্ধা ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকে প্রতিফলিত করে।

ইতিমধ্যেই জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউতে জয়শঙ্কর ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরই শুরু হতে যাওয়া ঐতিহাসিক এই জানাজায় দেশি-বিদেশি বিশিষ্টজনদের সাথে তিনি শরিক হবেন।