বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত দেশবাসীকেই নিতে হবে: মির্জা ফখরুল

দেশ সামনে এগোবে নাকি বিভাজনের দিকে যাবে- তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দেশবাসীকে অনৈক্য, বিভাজন আর অশান্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ (সদর) আসনে গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, অনেক আন্দোলন সংগ্রাম আর ত্যাগের পর এই নির্বাচন। তিনি সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিভাজনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত দেশবাসীকেই নিতে হবে।

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনা করেছে বলেও জানান তিনি। 

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা—দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী—সফর করবেন।  

আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সমাবেশে যোগ দিতে ঠাকুরগাঁওবাসীকে আহ্বান জানান দলের মহাসচিব।