পুতিনের ব্লাক বেল্ট কেড়ে নিলো বিশ্ব তায়াকোন্ডো

ষষ্ঠদিনে গড়ালো ইউক্রেনে রাশিয়ার হামলা। একদিকে রুশ সেনারা যত অগ্রসর হতে শুরু করেছে তত বেশি প্রতিরোধের মুখে ইউক্রেন সেনাদের। 

অন্যদিকে রাশিয়াকে যুদ্ধ থেকে ফেরাতে বাধ্য করার জন্য নানা ধরনের নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে পশ্চিমারা। বাণিজ্য থেকে শুরু অর্থনীতি সব ধরনের নিষেধাজ্ঞাই এসেছে। 

শুধু তাই নয় বিশ্ব ক্রীড়াঙ্গনেও রাশিয়াকে কোণঠাসা করে দেয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই রাশিয়াকে নির্বাসিত করেছে ফিফা ও উয়েফা। 

যার ফলে কাতার বিশ্বকাপ ফুটবলের আসরে খেলতে পারবে না রাশিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না রাশিয়ার কোনও ক্লাব। 

আরও পড়ুন: কিয়েভ অভিমুখে রাশিয়ার বিশাল বহর, বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা

আইওসি ও জুডো ফেডারেশনও রাশিয়াকে এক ঘরে করেছে। আর এবার পুতিনের সম্মান কেড়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব তায়কোন্ডো সংস্থা। কেড়ে নেয়া হলো পুতিনের ব্ল্যাক বেল্ট। 

বিশ্ব তায়কোন্ডো সংস্থা জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের উপর হামলা মেনে নিতে পারছে না তারা।  রাশিয়া ও পুতিনের ভূমিকা সমালোচনা করেছে তারা। 

নিজেদের সামাজিক মাধ্যমে বিশ্ব তায়কোন্ডো জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের ব্ল্যাক বেল্ট কেড়ে নেয়া হয়েছে। পুতিন আর এই সম্মানের অধিকারী নন। 


তারা লেখে, ‘ইউক্রেনের উপর হামলার বিরোধিতা করে বিশ্ব তায়কোন্ডো। যুদ্ধের চেয়ে শান্তি অনেক মূল্যবান। এই কারণে বিশ্ব তায়কোন্ডো সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হবে। ২০১৩ সালে তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল।

বিশ্ব তায়কোন্ডো প্রতিযোগিতায় রাশিয়ার পতাকা থাকবে না এবং তাদের জাতীয় সঙ্গীত বাজবে না বলেই জানানো হয়েছে। 


অন্যদিকে, আন্তর্জাতিক জুডো ফেডারেশন জানিয়েছে পুতিনের সাম্মানিক প্রেসিডেন্ট এবং রাষ্ট্রদূতের পদ কেড়ে নেওয়া হচ্ছে। 

আইওসি’ও রাশিয়ার কড়া সমালোচনা করেছে। রুশ সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সব ব্যক্তির কাছ থেকে অলিম্পিক্স অর্ডার প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছে আইওসি। 

এছাড়াও বিশ্ব জুড়ে একাধিক ক্রীড়া সংস্থা রাশিয়া ও বেলারুশকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে অনেক দেশ। 


একাত্তর/এআর