বাংলাদেশ-পাকিস্তান টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও, টানা বৃষ্টির কারণে টস হয়নি।

বাংলাদেশ সময় দুপুর ১টায় (স্থানীয় সময় ১২টা) দুই আম্পায়ার রিচার্ড কেটেলবোরো এবং মাইকেল গফ মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রথম দিনের খেলা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে ধারাভাষ্যকার আতহার আলী খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃষ্টিস্নাত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ছবি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বাতিল করা হয়েছে।’

গেলো কয়েকদিন ধরেই পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। 

পাকিস্তানের আবহাওয়া অফিস জানায়, শুক্রবার এ শহরে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। 

বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় স্লো ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিলো। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও।