এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড় অঙ্কে দাম বাড়ানোর পরদিন শুক্রবার সকাল থেকেই স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭৩৯ টাকা।
শুক্রবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার বিষয়টি বিবেচনা করে অলংকারের দর সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫৫ টাকা। ফলে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯৩৭ টাকা, যা বৃহস্পতিবার ছিল ২ লাখ ২৯ হাজার ৬৭৬ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৫৮০ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৯৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি বাজুস রুপার দামেও কিছুটা ছাড় দিয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, জুয়েলারি প্রতিষ্ঠানে অলংকারের নকশা ও তৈরিকৌশল অনুযায়ী বিক্রয় মজুরি আলাদাভাবে প্রযোজ্য হলেও নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং সরাসরি পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ কেটে রাখতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামে ঘন ঘন ওঠানামার কারণে চলতি বছর দেশের বাজারে রেকর্ড ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬৮ বার কমানো হয়েছে (একবার ভ্যাট সমন্বয়)। গত বছর অর্থাৎ ২০২৫ সালে যেখানে মোট ৯৩ বার (৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস) দাম সমন্বয় হয়েছিল, তার তুলনায় চলতি বছর স্বর্ণের বাজারের এই ঘন ঘন মূল্য পরিবর্তন বেশ নজিরবিহীন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।
