ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ ডে’ নিষিদ্ধ করা হয়েছে। তার পরিবর্তে নতুন ৮টি নিয়মে পালন করা যাবে ‘শিক্ষা সমাপনী উৎসব’। রাস্তা বন্ধ করে করা যাবে না র্যালি, ক্লাস চলাকালীন চালানো যাবে না গান-বাজনা।
গতকাল বুধবার (৩০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী পালনের নিয়মগুলো হলো- র্যাগ ডে-র পরিবর্তে শুধু ১ দিন ব্যাপী একটি অনুষ্ঠান পালন করা যাবে, যার নাম হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’।
শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করবে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান করতে হবে নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ভবন চত্বরে। টিএসসিতে সমবেত হয়েও র্যালি করা যাবে, তবে সেক্ষেত্রে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।
এছাড়া অন্যান্য নিয়মগুলোর মধ্যে রয়েছে, ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা বন্ধ রাখা, বিভাগ বা ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করা। সর্বোপরি এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
একাত্তর/এআর
