ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, উৎপাদন বাড়লে আশা করছি বাংলাদেশকে দ্রুত ভ্যাকসিন দিতে পারবো। কিন্তু তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন বলতে পারছি না। আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি।
শুক্রবার (২৩ জুলাই) সকালে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে তিনি এসব কথা বলেন।
এর আগে গত রবিবার (১৮ জুলাই) বাংলাদেশে টিকা পাওয়ার সম্ভাবনা কতটুকু জানতে দিল্লি গিয়েছিলেন ভারতীয় হাই কমিশনার।
এসময় হাইকমিশনার বলেন, করোনাকালীন গত একবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে করোনার মধ্যেও আমরা বাণিজ্য অব্যাহত রাখত পারবো।
আরও পড়ুন: লঘুচাপে সাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত জারি
তিনি আরও বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে উভয়দেশকে এখনও সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু দেশ। বাংলাদেশও করোনার বিরুদ্ধে লড়ছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হবো।
এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদসহ প্রমুখ।
একাত্তর/এসি
