চট্টগ্রামে বৃষ্টিতে জমে যাওয়া পানির তীব্র স্রোতে ড্রেনে পড়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, যেহেতু নিখোঁজের ২৪ ঘণ্টা অতিক্রম হয়ে গেছে, সেক্ষেত্রে তার বেঁচে থাকার সম্ভাবনা কমে যাচ্ছে।
বুধবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় শহরের পাঁচলাইশ থানার মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম সালেহ আহমেদ। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি শহরের চকবাজার এলাকায় সবজি বিক্রি করতেন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করার ২৪ ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি।
বুধবার সারাদিন ও সন্ধ্যার পর পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও রাতেরবেলা তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত পানির স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটে। এখনো তীব্র স্রোত বজায় থাকায় খুঁজে পেতে বেগ দেরি হচ্ছে।
তার স্বজনরা জানান, দুর্ঘটনার সময় মাইজভাণ্ডার দরবার শরীফে যাচ্ছিলেন সালামত। গাড়িতে উঠার উদ্দেশ্যে মুরাদপুর এলাকায় পৌঁছালে বৃষ্টির কবলে পড়েন তিনি। একপর্যায়ে ড্রেনে পড়ে যান।
একাত্তর/আরএইচ
