বৈরী আবহাওয়া উপেক্ষা করেই, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। তাই সৈকতের বিভিন্ন পয়েন্টে হই-হুল্লোড়ে মেতে উঠছেন সবাই।
এতে, দীর্ঘদিন পর আবার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সাগরকন্যা কুয়াকাটায়। সূর্যোদয়-সূর্যাস্তের মনোলোভা দৃশ্য দেখতে দেশে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পর্যটকরা।
সোমবার সাপ্তাহিক ছুটি না হলেও পর্যটকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। অনেকেই সৈকতের ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
সমুদ্রের ঢেউয়ের তালে তাল মিলিয়ে নেচে গেয়ে সমুদ্রে গোসল, হৈ হুল্লোড় আর সৈকতে খেলাধুলা আনন্দের সীমা নেই পর্যটকদের মাঝে।
শুধু সৈকত নয় আশপাশের লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইনদের তাঁত পল্লী, আলীপুর-মহিপুর মৎস্যবন্দর, সমুদ্রপথে ট্যুরিস্ট বোটে বিভিন্ন দ্বীপ ও বনাঞ্চলে পর্যটকদের আনাগোনা দেখা গেছে।
আগত পর্যটকরা জানাচ্ছেন, সেখানের বিভিন্ন হোটেল মোটেলে ডিসকাউন্ট চলছে। সেই সঙ্গে রয়েছে নানা অফার। সেই সব সুযোগ হাতছাড়া করতে নারাজ তারা।
পর্যটকদের শতভাগ স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে প্রশাসন। পর্যটকদের আতিথিয়েতা দিতে ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেলসহ পর্যটন ব্যবসায়ীরা।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, কুয়াকাটায় আগত পর্যটকদের মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।
একাত্তর/এআর
