ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২২ বোরের একটি রিভলবারও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি।
পুলিশ সুপার বলেন, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা হাইওয়ে থানার পাশে একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। ওই সময় গাড়িতে তার সঙ্গে একজন নারীও ছিলেন। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে গাড়িতে বসেই ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন হামিদুল। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করা হয়। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর র্যাব-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ বনানী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে হামিদুল গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
একদিকে হাম উপসর্গে আরও দুই মৃত্যু, মোট ১০৪৬
মেঘনা গ্রুপের গাড়িতে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়, সাতজনের নামে মামলা