রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার হত্যা মামলাসহ ৫ মামলার আসামি বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে (৪৪) গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার গোলাম সারোয়ার পিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ হত্যা মামলা ও আগের আরও একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি।
গত ২০ ও ২১ আগস্ট ভিকটিম হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় বাড্ডা থানায় দুটি পৃথক মামলা হয়। পরবর্তীতে গত ১ ও ২৯ সেপ্টেম্বর মো. সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় বাড্ডা থানায় আরও দুইটি মামলা হয়। তাছাড়াও তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ভিকটিম রুবেল মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করেন।
মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০ জুলাই এবং ৫ আগস্ট বাড্ডা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। হামলার সময় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। পিন্টু ওই হামলায় সক্রিয়ভাবে অংশ নেন। তাদের হামলায় ভিকটিম হাফিজুল, সুমন শিকদার, সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নিহত হন এবং রুবেল মিয়া গুরুতর আহত হন।
হত্যার ঘটনায় রুজুকৃত মামলাসমূহ তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেপ্তার করা হয়। এরপর পিন্টুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘন: দুইদিনে ১৭৭৯ মামলা, ৭৩ লাখ টাকা জরিমানা