রাজধানীর শাহজাহানপুরে মাদক বিক্রির প্রতিবাদ ও পুলিশকে জানিয়ে দেওয়ার কথা বলায় সেকান্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা।
সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে শাহজাহানপুর থানাধীন ভাঙ্গারি গলিতে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১টা ৫০ মিনিটে সেকান্দারকে মৃত ঘোষণা করেন।
নিহত সেকান্দার কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আব্দুর বর-এর ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে রামপুরার উলন এলাকায় থাকতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবসা করতেন।
নিহতের ভাই আমির আলী জানান, সোমবার রাতে সেকান্দার তার দুই বন্ধুর সঙ্গে রিকশা নিয়ে যাওয়ার সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি বুলেট মামুন, হান্নান ও আর্টিসানসহ ৫-৬ জন তাদের ধাওয়া করে। সেকান্দার প্রাণ বাঁচাতে ভাঙ্গারি গলিতে দৌড়ে ঢুকলে সেখানে তাকে কুপিয়ে জখম করে মাদক কারবারিরা পালিয়ে যায়।
আমির আলী আরও জানান, ওই এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা চলে। এর প্রতিবাদে ঘটনার দুই-একদিন আগে মাদক কারবারিদের সঙ্গে সেকান্দারের তর্কাতর্কি হয়েছিল। সে সময় সেকান্দার তাদের মাদক বিক্রি বন্ধ করতে বলেন, অন্যথায় পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে পরে বিষয়টি সমঝোতা করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই আক্রোশ থেকেই মাদক কারবারিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি পরিবারের।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং তারা যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
সেকান্দারের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ