রাজধানীর গুলশান-১ চত্বর এলাকায় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে তা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে মারধর ও ‘মব’ তৈরির চেষ্টা করলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গুলশান-১-এর পশ্চিম সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম দায়িত্ব পালনকালে লোকজনের হইচই শুনে ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক সাইফুল একটি বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সেন্ড করে সেটির মূল্য পরিশোধ না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা সাইফুলকে মারধর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবককে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সবুরের কাছে হস্তান্তর করা হয়েছে।
