নীলফামারীতে অগ্নিনির্বাপক গাড়ির মেকানিক্যাল ত্রুটির কারণে দমকল বাহিনীর কার্যালয়ের প্রধান ফটকের সামনেই পুড়ে গেছে তিন দোকান।
বৃহস্পতিবার (৫ মে) ভোরে শহরের আমতলীতে এ ঘটনা ঘটে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আগে বিকল্প পন্থায় পানি সংগ্রহ করে আগুন নেভাতে সক্ষম হন কর্তব্যরত দমকল বাহিনীর সদস্যরা।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে জেলা শহরের আমতলী নামক স্থানে আগুনে একটি মোটরসাইকেল গ্যারেজ, একটি সেলুন ও একটি লেদ মেশিনের দোকান পুড়ে যায়। দমকল বাহিনীর প্রধান ফটকের কাছে ওই দোকান তিনটির অবস্থান হলেও আগুন নেভাতে অনেক দেরি হয়। পরে জানা গেছে দমকল বাহিনীর পানির গাড়ির পানি নিক্ষেপের পাম্প নষ্ট ছিল।
ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল গ্যারেজ মালিক সাইদুল ইসলাম (৪৫) বলেন, আমি ভোর সোয়া চারটার দিকে আগুনের খবর পাই। এসে দেখি সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের বড় গাড়িটির ত্রুটির কারণে আগুন নেভাতে সময় লেগেছে। তিন দোকান মিলে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: নাহিদকে রড দিয়ে পিটিয়েছে সিয়াম আর কুপিয়েছে ইমন
নীলফামারী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আগুন লাগার সাথেই আমরা খবরটি পেয়েছি। তাৎক্ষণিক নেভানোর প্রস্তুতিও ছিল আমাদের। কিন্তু অগ্নি নির্বাপক গাড়িতে মেকানিক্যাল ত্রুটি দেখা দেয়। সাথে সাথে বিকল্প ব্যবস্থায় পাশের পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়। এরপরও বড় ধরণের দূর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে। অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একাত্তর/আরবিএস
