গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। ট্রেনটির একটি বগি উল্টে এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় হুড়োহুড়ি করতে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: তিন বাসের সংঘর্ষ, দুইজন নিহত
তিনি জানান, ঘটনাস্থলের দুই দিকে মৌচাক স্টেশনসহ কয়েকটি স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। কয়েকজন সামান্য আহত হলেও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
একাত্তর/আরএ
