মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জোকা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান (৩৩) ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জোকা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত হন মোটরসাইকেল আরোহী আশিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: ফরিদপুরে শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/জো
