চট্টগ্রামের মীর সরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় উদ্ধারকৃত চার জনের মরদেহ আজ সকালে পটুয়াখালীতে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তাদের নিজ নিজ বাড়িতে নামাজে জানাজার শেষে তাদের দাফন করা হয়।
মৃতরা হলেন, ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, আল আমিন ও জাহিদ ফকির। তারা সকলেই পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মহসিন জানান, চট্টগ্রামের মীর সরাইয়ে ট্রলারডুবিতে জইন কাঠি এলাকার চার জন শ্রমিক নিখোঁজ হয় এদের মধ্যে গতকাল বিকেলে চারজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এই চার জনের মরদেহ এম্বুলেন্স যোগে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে নিয়ে আসা হয় আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে। তাদের লাশবাহী এম্বুলেন্সটি পটুয়াখালীর ওই গ্রামে এসে পৌঁছালে তাদের পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
তিনি আরয় জানান, ওই ঘটনায় আলম সরদার নামের আরও একজনের মরদেহ রাতে উদ্ধার করা হয়েছে ওই মরদেহটিও পটুয়াখালীতে আনা হচ্ছে।
পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই জানান, নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।
আরও পড়ুন: ইসিতে আবেদন করলো বিডিপি, এড়িয়ে গেলো জামায়াত প্রসঙ্গ
তিনি আরও জানান, এসব শ্রমিকরা যেই ড্রেজারে কর্মরত ছিলেন ওই ড্রেজারের মালিক নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লক্ষ টাকার সহায়তা দেয়া প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে সর্বশেষ খবরে জানা যায়, গতরাতে শাহীন মোল্লা নামে একজন এবং আজ সকালে তারেক ও বসার নামে নিখোঁজ বাকি তিনজনকে ড্রেজারের ভেতর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এর ফলে নিখোঁজ সকলের মরদেহ উদ্ধার হল।
একাত্তর/আরবিএস
