কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাহাবুবুল হক (৫৮) নামের এক কয়েদি মারা গেছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
কয়েদি মাহাবুবুল হক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফুলিয়া সর্দার বাড়ির মৃত আবদুল বারেকের ছেলে।
কারা হাসপাতালের ডেপুটি সার্জন ডা. রেজা মোহাম্মদ সরোয়ার আকবর ও কারা কর্তৃপক্ষ জানায়, মাহাবুবুল হক তিন বছরের সাজায় কারাগারে আসে ২০২২ সালের ১১ মার্চ। তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়লে ২৬ মার্চ তাকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি সেখানে ২৩ মার্চ পর্যন্ত ভর্তি ছিলেন।
পরে ২০২২ সালের ২৭ নভেম্বর আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। সেবার তিনি ৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। সর্বশেষ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর পুকুরে, চালক নিহত
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ- আল-মামুন বলেন, কয়েদি মাহবুবুল হক হার্টের রোগী ছিলেন। মঙ্গলবার বিকেলে অসুস্থতায় হঠাৎ তিনি ঘেমে গিয়ে পড়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পর সকল আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
একাত্তর/আরএ
