পটুয়াখালীর দুমকিতে বিয়ে বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসলে নেমে আব্দুল্লাহ (১৩) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সি বাড়ি সংলগ্ন পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজের ঘটনাটি ঘটে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামের নুর ইসলাম হাওলাদারের নাতনির বিবাহ অনুষ্ঠানে উপলক্ষে ঢাকার নারায়ণগঞ্জ'র ফতুল্লাহ থেকে নাতী-জামাইসহ আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন।

পরে মঙ্গলবার দুপুরে আট দশজন মিলে পায়রা নদী গোসলে নামেন। পরবর্তীতে সবাই নদী থেকে উপরে উঠলে আব্দুল্লাহ নদী থেকে উঠেনি। একপর্যায়ে সবাই নদীর আশপাশ খোজাখুজি করেও আব্দুল্লাহর কোন সন্ধান পাননি।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এখনও। নিখোঁজ আব্দুল্লাহ নারায়ণগঞ্জ'র ফতুল্লা এলাকার আব্দুল মান্নানের ছেলে।
এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছি। বিকেল ৬ টা পর্যন্ত উদ্ধার অভিযানে কোন সন্ধান পাওয়া যায়নি।
রাত হলে উদ্ধার তৎপরতা স্থগিত করা হবে। এর মধ্যে না পাওয়া গেলে আগামীকাল আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে।

একাত্তর/এআর
