রাজধানীর মতিঝিল থানায় চাঞ্চল্যকর আওয়ামী লীগের নেতা টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যা মামলার অন্যতম আসামি ইমরান হোসেন জিতুর জামিনের বিষয়ে শুনানি তিন মাসের জন্য মুলতবি করেছে আপিল বিভাগ। এ সময় পর্যন্ত জিতুর জামিন স্থগিত থাকবে।
মঙ্গলবার সকালে বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে আদালত বলেন, এই আসামি আরও তিন মাস জেলে থাকুক। আগস্ট মাসের ২১ তারিখ আবারও শুনানি হবে।
এর আগে গত ১৬ মে আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলার অন্যতম আসামি ইমরান হোসেন জিতুর জামিন আদেশ প্রত্যাহার করে নেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম ও আসামির পক্ষে আব্দুন নূর দুলাল শুনানি করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম জানান, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম এসেছিল আসামি ইমরান হোসেন জিতুর। যিনি টিপু হত্যা মামলার অন্যতম আসামি।
এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম থাকার তথ্য গোপন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন নেন জিতু। বিষয়টি জানার পরদিনই তা আদালতের নজরে আনে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে জামিন সংক্রান্ত আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আপিল বিভাগ জামিন আদেশ প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাতে ঢাকার শাহজাহানপুরে আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় দায়ের করা মামলায় ওই বছরের ১০ জুন দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয় সুমন সিকদার ওরফে মুসাকে। তার জবানবন্দিতে জিতুর নাম আসে। তার কাছে থাকা একটি অস্ত্র এই হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য সরবরাহ করা হয়েছিলো।
একাত্তর/এআর
