কোটা আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে টাঙ্গাইলে পুলিশ বক্স, সরকারি বিভিন্ন স্থাপনা, জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ অফিস ভাঙচুরসহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলায় ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ, আওয়ামী লীগ ও শ্রমিক নেতারা বাদি হয়ে টাঙ্গাইল সদর, কালিহাতী, মধুপুর ও ধনবাড়ী থানায় এসব মামলা করেন। মামলাগুলোতে ৪২৭ জনের নামে এবং অজ্ঞাত দুই হাজার ৮৫০ জনকে আসামি করা হয়েছে।
টাঙ্গাইরের পুলিশ সুপার বলেছেন, আন্দোলনকে কেন্দ্র করে হলেও সাধারণ শিক্ষার্থীদের নামে কোনো মামলা দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের এ আন্দোলনে অনুপ্রবেশ করে নাশকতাকারী জামাত-বিএনপি-ছাত্রদলের নেতাদের চিহ্নিত করে তাদের নামে মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে।

অপরদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীকে বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও কারফিউ শিথিল করার পর টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো সরকারি অফিস-আদালত এবং ব্যাংকের কার্যক্রম চলেছে।
