সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) এক সাংবাদিক সম্মেলনে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. জুবায়ের আনোয়ার এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে গোপন খভরে জকিগঞ্জের বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় ১৯ বিজিবি ও র্যাব-৯ সিলেটের এই যৌথ তল্লাশি অভিযান চালানো হয়।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চোরাচালানের মাধ্যমে এসব অস্ত্র ও বিস্ফোরক দেশে আনা হয়েছিলো।
সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ১৯ বিজিবির অধিনায়ক।
