বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এর রংপুর বিভাগের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ বাছাইপর্বে বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টায়।
আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসান। উদ্বোধনী বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সব আয়োজন ও কাজ তোমাদের জন্যই। তাই তোমাদের এগুলো পুঁজি করে অনেকদূর এগিয়ে যেতে হবে।’
উদ্বোধনের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাস্ট্রোনোমি অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন, রংপুর বাছাইপর্ব আয়োজনের সমন্বয়ক ভাস্কর অনীক রেজা, ফটোসাংবাদিক ও ডকুমেন্ট্রি নির্মাতা ফিরোজ চৌধুরী এবং রংপুর সম্মিলিত সংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা রনি।
উদ্বোধনের পরপরই বাছাই পরীক্ষা শুরু হয়। মহাকাশ ও পদার্থবিজ্ঞানভিত্তিক এ অলিম্পিয়াডের পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের চিন্তায় মগ্ন দেখা যায়।
পরীক্ষা শেষে বিভিন্ন ধরনের আয়োজন ছিল অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য। পরবর্তীতে রাবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেষণ করেন অনুষ্ঠানের সমন্বয়ক ও স্থানীয় শিল্পী ইসরাত জাহান কাঁকন।
অনুষ্ঠানে নির্বাচিত প্রতিযোগীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন আয়োজকরা।
জুনিয়র গ্রুপ থেকে নির্বাচিত মিশকাতুল মাহজাবীন জানান, তিনি রাস্তায় পোস্টার দেখে এ প্রতিযোগিতা সম্পর্কে জেনেছেন। মাহজাবীন বলেন, ‘ছোটবেলা থেকেই আমার মহাকাশ ভালোলাগে। গতকাল রাতে আগের প্রশ্ন দেখে ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল পারবো না। সারারাত চিন্তা হয়েছে। এখন খুব খুশি লাগছে।’
বিভিন্ন বিভাগ ও জেলার প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ অগাস্ট ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্বে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে ২১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত আবাসিক ক্যাম্প ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী, আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এবারই প্রথমবার বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড।
শুরু হতে যাচ্ছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড