বিশ্ব টেলিভিশন দিবস আজ, দিনবদলের যুগে কতটা প্রাসঙ্গিক টিভি?

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম

ঘরের এক কোণে রাখা পর্দায় গোটা বিশ্বকে চোখের সামনে মেলে ধরা বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর পালিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর টেলিভিশনই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন অধ্যায়ের সূচনা করে।

গ্রিক শব্দ ‘টেলি’ (অর্থ: দূরত্ব) এবং লাতিন শব্দ ‘ভিশন’ (অর্থ: দেখা)—এই দুই শব্দের মিলনে গঠিত ‘টেলিভিশন’-এর আক্ষরিক অর্থ ‘দূরের দৃশ্য দেখা’ । ১৯২৬ সালে স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড প্রথমবারের মতো টেলিভিশন উদ্ভাবন করেন। পরে বিভিন্ন প্রকৌশলীর হাত ধরে প্রযুক্তিটির আধুনিকায়ন ঘটে। রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের নেতৃত্বে ১৯৩৬ সালে বিবিসি নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু করে। চল্লিশের দশকে বাণিজ্যিক প্রসার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্রুত উন্নতির মধ্য দিয়ে যায় প্রযুক্তিটি এবং গত শতাব্দীর পঞ্চাশের দশকে টেলিভিশন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পায়।

বিশ্বজুড়ে যোগাযোগ ও জনমত গঠনে টেলিভিশনের ভূমিকা তুলে ধরতে ১৯৯৬ সালের ২১ ও ২২ নভেম্বর জাতিসংঘের উদ্যোগে প্রথম ‘বিশ্ব টেলিভিশন ফোরাম’ অনুষ্ঠিত হয়। সেই ফোরামের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে ‘বিশ্ব টেলিভিশন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশে টেলিভিশনের পথচলা

বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ইতিহাস ছয় দশকেরও বেশি পুরোনো। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকা টেলিভিশন কেন্দ্রের মাধ্যমে সাদা-কালো সম্প্রচার শুরু হয়। এরপর ১৯৮০ সালে রঙিন সম্প্রচার এবং ১৯৯৭ সালে দেশে প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয়। শিক্ষা বিস্তার, জনসচেতনতা তৈরি, প্রাকৃতিক দুর্যোগে জরুরি তথ্য পরিবেশন, বিনোদন ও সরাসরি ক্রীড়া বা রাজনৈতিক সংবাদ প্রচারের মাধ্যমে টেলিভিশন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে।

প্রযুক্তি ও প্রতিযোগিতার মুখে টেলিভিশন

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রচলিত টেলিভিশন মাধ্যম। স্মার্টফোন, ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সহজলভ্যতায় দর্শকদের কনটেন্ট দেখার অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। হাতের মুঠোয় তাৎক্ষণিক খবর ও বিনোদনের এই সময়ে দর্শক ধরে রাখতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছে টেলিভিশন চ্যানেলগুলো। টিকে থাকার লড়াইয়ে প্রচলিত সম্প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজেদের উপস্থিতি জোরদার করতে হচ্ছে তাদের।

তবে ডিজিটাল মাধ্যমের দাপটের পরও টেলিভিশনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি বলে মনে করেন গণমাধ্যম বিশ্লেষকেরা। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপতথ্য ও ভুয়া খবরের ভিড়ে সাধারণ মানুষ এখনো নির্ভরযোগ্য তথ্যের জন্য মূলধারার টেলিভিশনের ওপরই আস্থা রাখতে চায়। তাই যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই টেলিভিশন মাধ্যমের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে—এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের।

একাত্তর/কেএম
পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এবার দানবাক্সে জমা পড়া অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা...
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য...
বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর