রাঙ্গামাটির ছাদ খ্যাত সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত দেশের অন্যতম পর্যটন স্পট বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে তিনদিনের অবকাশ যাপনে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
শুক্রবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি জানান, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ১২ মে বিকেলে সাজেকে ল্যান্ড করবে। সেখানে অবস্থানের পর ১৪ মে বিকেলে সাজেক ছেড়ে যাবেন রাষ্ট্রপতি।
এসময় সাজেকের ঐতিহ্যবাহী লুশাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন এবং স্থানীয় গ্রাম প্রধানদের (হেডম্যান, কারবারি) সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় করার কথা রয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যে দিয়ে সাজেকে যেতে হবে। ১৫ মে থেকে যথারীতি পর্যটকদের গতিবিধি স্বাভাবিক নিয়মে চলবে।
আরও পড়ুন: জুনে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকা: স্বাস্থ্যমন্ত্রী
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতির সাজেক সফরকে ঘিরে কোনো রিসোর্ট, হোটেল-মোটেল বন্ধ থাকবেনা। সফরকালে রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে। বাকি সব রিসোর্ট সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত থাকবে। তবে রাষ্ট্রপতির সফরের কারণে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি থাকবে। এতে করে পর্যটকদের ভ্রমণে কিছুটা বাড়তি নিরাপত্তার বেষ্টুনিতে হয়তো পড়তে হতে পারে।
একাত্তর/এসি
