২০২৪ সালের মধ্যে পদ্মা ও যমুনায় নির্মাণাধীন রেল সেতুর উপর দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা চালুর সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পূর্ব ও পশ্চিমাঞ্চল রুটে ডুয়েল ও ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হচ্ছে।
শনিবার (১১ জুন) দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড়-সান্তাহার ভায়া রংপুর রুটে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আটটি ইন্টার সেকশন (দর্শনা, বেনাপোল, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বিরোল, চিলাহাটিসহ হলদিবাড়ি) লাইন চালু করা হয়েছে। ভবিষ্যতে বুড়িমারির সঙ্গে আগরতলাসহ ভারতের তিনটি পয়েন্টে দ্রুত সংযোগ ব্যবস্থার প্রকল্প মন্ত্রণালয় হাতে নিয়েছে।
তিনি বলেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের সঙ্গে লাইন সংযোগ করা হবে। এতে করে নেপাল ভুটানের সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে।
এ সময় আগামী জুন মাসের মধ্যে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল চালুরও ঘোষণা দেন মন্ত্রী। পরে তিনি স্টেশন এরিয়ার অ্যাপ্রোচ রোর্ডের গেট উদ্বোধন করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে নারী মাদক কারবারি আটক
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ রেল বিভাগের কর্মকর্তারা।
একাত্তর/এসি
