লস অ্যাঞ্জেলসে হামলার ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে আলাদা দুটি বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবারের (২৩ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে এ হামলার ঘটনা ঘটে।
আইওয়া অঙ্গরাজ্যে স্টার্টস রাইট হিয়ার নামের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
এছাড়া ক্যালিফোর্নিয়াতে বন্দুকহামলায় সাত জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
বার্তা সংস্থা এএফপি ডেস মোইনেস পুলিশ বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় তিন জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পর দুই শিক্ষার্থী মারা যায়। আরেকজন ওই শিক্ষাকেন্দ্রটির কর্মচারী। তার অবস্থাও গুরুতর।
উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে এলাকার খামারে গুলিবর্ষণের ঘটনায় সাত জন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছে।
এর আগে চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে একটি নৃত্যানুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সোমবার এমন ঘটনা ঘটলো। লস অ্যাঞ্জেলেসের ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১১ জন।
টুইটারে দেওয়া পোস্টে কাউন্টি শেরিফ জানিয়েছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনো হুমকি নেই।
গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে গণহারে গুলি চালানোর ৬৪৭টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত বা আহত হয়েছেন।
এএফপি বলছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রজুড়ে ৪৪ হাজারেরও বেশি মানুষ গুলির আঘাতে মারা গেছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।
একাত্তর/এসি
