পোস্টাল ভোট: চার লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত চার লাখ ৫৮ হাজার ৩১৫ জন ভোটার নিবন্ধন করেছেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এ নিবন্ধনে অংশ নিচ্ছেন। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। 

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ৪৫ হাজার ৪৪০ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে চার লাখ ২৯ হাজার ৯৬৫ জন পুরুষ ও ২৮ হাজার ৩৪৮ জন নারী ভোটার এখন পর্যন্ত নিবন্ধন করেছেন।

সৌদি আরবের প্রবাসীরা সর্বোচ্চ নিবন্ধন করেছেন, এক লাখ ১৭ হাজার ১১৭ জন। এছাড়া, কাতারে ৪২ হাজার ২০১, মালয়েশিয়ায় ২৯ হাজার ৭৯৩, ওমানে ২৮ হাজার ৯১৫, সংযুক্ত আরব আমিরাতে ২৩ হাজার ২৫, যুক্তরাষ্ট্রে ২২ হাজার ৬৪০, সিঙ্গাপুরে ১৬ হাজার ৬৯৮, যুক্তরাজ্যে ১৬ হাজার ২৬১, কুয়েতে ১৪ হাজার ৮৫৯, ইতালিতে ১২ হাজার ৪৯৯, কানাডায় ১০ হাজার ৬৫১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৯৭ এবং অস্ট্রেলিয়ায় আট হাজার ৬৪৬ জন ভোটার নিবন্ধন করেছেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসস’কে বলেন, ‘প্রবাসীদের কাছে পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ। আমরা দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করে প্রবাসীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এই বিষয়ে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে মিটিং হয়।’

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের নিবন্ধন পুরোপুরি শুরু হয়েছে। ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি)-এর মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার নিবন্ধন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো জানান, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে খরচ পড়বে মাত্র ২২ টাকা, যেখানে প্রবাসীদের জন্য গড়ে খরচ হবে ৭০০ টাকা।

সালীম আহমাদ খান বলেন, এই গতিতে নিবন্ধন চললে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটারের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।

সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশনের এক বার্তায় বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। 

তবে, আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কেবল ২১ থেকে ২৫ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে যারা নিবন্ধন করতে চান, ইসি’র মাধ্যমে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন। 

ইসি সচিব আরও জানান, প্রাথমিক লক্ষ্য ছিল ১০ লাখ ভোটার নিবন্ধন করা। পাঁচ থেকে সাত দিনের জন্য যারা নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত হবেন, যেমন- পুলিশ, সেনাবাহিনী বা আনসার বাহিনীর দায়িত্বে যারা থাকবেন, তাদের নিবন্ধন পরে করা হবে।

নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের অনুরোধ করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানাও দিতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দিলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটাররা যেখান থেকে ভোট দেবেন, অবশ্যই সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর