স্ত্রী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে নতুন রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানায় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল।
অশ্বারোহী দলটি রাষ্ট্রপতির গার্ড বহরকে এসকর্ট দিয়ে বঙ্গভবনের ঐতিহ্যবাহী ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়। সেখানে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণ ও আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুভেচ্ছা জানানো কর্মকর্তাদের মধ্যে ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।
অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তার নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
প্রথম কর্মদিবসের অংশ হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ের সার্বিক দাপ্তরিক কার্যক্রম ও পরিচালন ব্যবস্থা সম্পর্কে অবহিত হন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে এক সংক্ষিপ্ত পর্যালোচনা বৈঠকে মিলিত হন। এর মধ্য দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ২৩তম রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বঙ্গভবন অধ্যায়ের সূচনা হলো।
এর আগে গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব পালন করছিলেন এবং রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে অবস্থান করছিলেন।
