ধর্মের নামে বিভ্রান্তি আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না: রাষ্ট্রপতি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম

স্বৈরাচারী শাসনের পতনের পর নতুন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে, বঙ্গভবনে বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর মহান আল্লাহ বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ দিয়েছেন, তা জাতীয় ঐক্য বজায় রেখে কাজে লাগাতে হবে। একই সঙ্গে দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী দুঃশাসন ফিরে আসতে না পারে এবং ধর্মের দোহাই দিয়ে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, মাওলানা মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতিব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

আলেম-ওলামাদের সঙ্গে আলাপকালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তাঁরা উভয়ই উলামায়ে কেরাম ও ইসলামী পণ্ডিতদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতেন। ইসলামের প্রতি শ্রদ্ধা ও আস্থার পরিচয় হিসেবেই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে পবিত্র ‘বিস্‌মিল্‌লাহির্‌-রাহ্‌মানির্‌-রহিম’ সংযোজন করেছিলেন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বর্তমানে সম্পূর্ণ অরাজনৈতিক অবস্থানে রয়েছেন। তবে দেশের মানুষের সামাজিক শান্তি বজায় রাখা এবং ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর বিরুদ্ধে যায় এমন কোনো পদক্ষেপ যেন কেউ না নিতে পারে, সে বিষয়ে অভিভাবক হিসেবে তিনি নজর রাখবেন।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা মধ্যপ্রাচ্যের উন্নত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও অনুদান সহায়তার সুযোগ প্রসারে তাঁদের আরবি ভাষার দক্ষতা এবং ব্যক্তিগত পরিচিতি কাজে লাগানোর প্রস্তাব ব্যক্ত করেন। জবাবে রাষ্ট্রপতি তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় রেখে যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন।

পরিশেষে আলেমদের প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা এবং ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে সেখানে সফর করা এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/এআরএস
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর