সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার উদ্দেশ্য নিয়ে দেওয়া সকল ধরনের উসকানিমূলক পোস্ট ও ভিডিও অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার সাহাসহ দুই আইনজীবীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ রিট করেন।
রিটে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর-উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর যুক্ত করা হয়েছে। একইসাথে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তেরও আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় তিন আসামি রিমান্ডে
রিট আবেদনে দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আর্জি জানানো হয়। এছাড়া হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আরজি জানানো হয় রিটে।
রিটে ১৯ জনকে বিবাদী করা হয়েছে। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), বাংলাদেশ টেলি কমিউনিকেশনের (বিটিআরসি) চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, ফেনীর ডিসি-এসপি উল্লেখযোগ্য।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবার সম্ভাবনা রয়েছে।
