বিগত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া অনেক মামলা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিদ উদ্দিন স্বপন। একই সঙ্গে গণমাধ্যম ব্যবস্থার অরাজকতা দূর করতে জুনের মধ্যে একটি ‘মিডিয়া কমিশন’ গঠন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী জহিদ উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া অনেক মামলা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদকদের সাক্ষাৎ শেষে এ সংক্রান্ত একটি তালিকা দেওয়া হয়েছে।
গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা আলাপ করেছি গণমাধ্যম ব্যবস্থার ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে, যেটাকে নিয়মের মধ্যে আনতে চাই। এই অরাজকতা দূর করে নিয়মতান্ত্রিকতা ফিরিয়ে আনার লক্ষে একটি ‘মিডিয়া কমিশন’ গঠন করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের বিচারের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাও যদি দেশে আসেন, তিনি বিচারের আওতায় আসবেন, ইনসাফ পাবেন। তাই যে সাংবাদিক দুর্নীতিগ্রস্ত হবেন, তার বিচার সেভাবেই হবে।
হামে শিশু মৃত্যু হতবাক করে দিয়েছে বাংলাদেশকে। প্রশ্ন উঠেছে কেন এতো শিশুর মৃত্যু হচ্ছে? বিএনপি সরকারের দাবি অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী এক বছর শিশুদের সব ধরনের রোগের টিকা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রসঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, র্যাব আগের মতো করে থাকছে না। র্যাবের জন্য পূর্ণাঙ্গ আইন হবে। এক অর্থে এই বাহিনীর নামও বদলে যাবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রে এলিট ফোর্সের দরকার আছে। তবে ‘র্যাব যেভাবে শেখ হাসিনা ব্যবহার করেছেন, সেভাবে ব্যবহার হবে না’ বলেও তিনি উল্লেখ করেন।
