বিশ্বের সবচেয়ে জমকালো আর ধনাঢ্য ক্রিকেট আসর হিসাবে খ্যাত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হবার কৃতিত্ব এখন দেশটির জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত। রোববার, আইপিএলের মেগা নিলামে গেলো মৌসুমে দিল্লির হয়ে খেলা এই তারকাকে এবার রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।
তবে ঋষভকে প্রায় ছুঁয়েই দিয়েছিলেন ভারতের আরেক উদীয়মান তারকা শ্রেয়াস আইয়ার। ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব সুপার কিংস। এছাড়া বাঁ-হাতি পেসার আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে কিনেছে পাঞ্জাব। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও একই দামে দলে নিয়েছে দলটি।
আইপিএল নিলামে দল পাননি গত মৌসুমে আইপিএল কাঁপানো ডেভিড ওয়ার্নার। তার ভিত্তি মূল্য ছিলো দুই কোটি রুপি। তার মতো দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কালও। আর, গত মৌসুম পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিশেল স্টার্ক এবার বিক্রি হয়েছেন অর্ধেক দামে।

কলকাতা নাইট রাইডার্স তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল। এবারের মেগা নিলামের সেই স্টার্ককে ছেড়ে দেয় কলকাতা। নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে। তবে পাননি পূর্বের মতো দাম। নিলাম থেকে তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল মেগা নিলামের আগে ১০টি ফ্র্যাঞ্চাইজি ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। যাঁদের মধ্যে ১০ বিদেশি ক্রিকেটার রয়েছেন। এদের জন্য বিস্তর টাকা খরচ করতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। এই যেমন এনরিখ ক্লাসেনকে ধরে রাখতে সানরাইজার্স হায়দারাবাদ খরচ করেছে ২৩ কোটি টাকা।
নিলামের আগে লক্ষ্ণৌ নিকোলাস পুরানকে ২১ কোটি, রবি বিষ্ণয়কে ১১ কোটি, মায়াঙ্গ যাদবকে ১১ কোটি, মহসিন খানকে ৪ কোটি ও আয়ূশ বাদানিকে ৪ কোটি রুপিতে ধরে রেখেছে।

নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন বিরাট কোহলি ও নিকোলাস পুরান। কোহলিকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে আরসিবি এবং পুরানকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে লক্ষ্ণৌ এছাড়া চেন্নাইয়ের ঋতুরাজ ও জাদেজা, মুম্বইয়ের বুমরাহ, হায়দরাবাদের কামিন্স, রাজস্থানের স্যামসন ও যশস্বী এবং গুজরাটের রশিদ খান ১৮ কোটি টাকায় পুরোনো দলে থেকে গিয়েছেন।
এবারের আইপিএল মেগা নিলামে, নিলামে জস বাটলার ও লোকেশ রাহুলদের নিয়েও দুর্দান্ত লড়াই হয়েছে। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। দুই কোটি ভিত্তি মূল্যের বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ১৪ কোটিতে রাহুলকে পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস।
এছাড়া নিলাম থেকে পেসার মোহাম্মদ সিরাজকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট। মিশেল স্টার্ককে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে পেয়েছে দিল্লি। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কাগিসু রাবাদাকে দলে ভিড়িয়েছে গুজরাট। মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
লিয়াম লিভিংস্টোনকে ৮ কোটি ৭৫ লাখে পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ কোটি ৫০ লাখে ডেভিড মিলার গেছেন লক্ষ্ণৌতে। নিলামে তোলা প্রথম ১২ জনের মধ্যে কাউকে দলে নেননি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলস।
এবারের মেগা নিলাম বসেছে সৌদি আরবের জেদ্দায়। টাকার ঝড় উঠবে এমনটা প্রত্যাশিতই ছিল। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারদের কিনতে সেকেন্ডে সেকেন্ডে বাড়ল দাম। নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ছিল ৬৪১.৫০ কোটি রুপি।
রোববার নিলামে মাত্র ১২ জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে আসে ৪৬১ কোটিতে। ১২০ মিনিটে ১৮০.৫ কোটি রুপি খরচ করে দলগুলো। অর্থাৎ ১২ প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হয় দেড় কোটি রুপি। আর সেকেন্ডের হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে খরচ হলো আড়াই লাখ রুপি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট অর্থের প্রায় ১০ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পেছনে। গত বছরের তুলনায় শ্রেয়াস ও পান্তের দাম বৃদ্ধিও চোখে পড়ার মতো। পান্ত এর আগে ১৬ কোটি রুপি পেয়েছিলেন। এবার তার দাম ৬৮.৭৫ শতাংশ বাড়ল। অন্যদিকে, শ্রেয়াস গতবার কেকেআর থেকে ১২ কোটি ২৫ লাখ রুপি পেয়েছিলেন। এবার তার দাম বাড়ল ১১৮.৩৭ শতাংশ।
অ্যান্টিগা টেস্টে ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ