‘লিও বদলি হিসেবে খেলবে’ জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির এই একটি মাত্র বাক্য ওলটপালট করে দিয়েছে গত ২০ বছরের এক অনন্য মহাকাব্যিক রেকর্ড। রোববার সকালে জর্ডানের বিপক্ষে যখন আলবিসেলেস্তেরা মাঠে নামবে, তখন দীর্ঘ দুই দশক পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে শুরুর একাদশে থাকছেন না এলএম টেন। ফুটবল জাদুকরের এমন বেঞ্চে বসে থাকার দৃশ্য বিশ্ববাসী সবশেষ কবে দেখেছিল, তা মনে করতে হলে সুদূর ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে ফিরে যেতে হবে!

২০০৬ সালের ৩০ জুন, জার্মানির বিরুদ্ধে সেই অভিশপ্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর থেকে আজ পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে অবধারিত নাম ছিল লিওনেল মেসি। সেদিনের সেই টাইব্রেকারে হেরে বিদায় নেওয়া ম্যাচে কোচ হোসে পেকারম্যানের দলে আক্রমণভাগে ছিলেন তেভেজ ও ক্রেসপো, আর প্লে-মেকার ছিলেন রিকুয়েলমে। তরুণ মেসি সেদিন পুরো ম্যাচ ও অতিরিক্ত সময় বেঞ্চে বসেই কাটিয়েছিলেন, মাঠে নামার সুযোগ পাননি।
২০০৬ সালের সেই আসরে মাত্র ১৮ বছর বয়সে পা রাখা মেসির জন্য বেঞ্চে থাকাটা অবশ্য নিয়মিত ঘটনা ছিল। সেবার কেবল গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন তিনি। আইভরি কোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠেই নামা হয়নি, সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে বিশ্বকাপ অভিষেক ও গোল করেছিলেন, আর মেক্সিকোর বিপক্ষে শেষ ১৬-র ম্যাচে পেয়েছিলেন অল্প কিছু মিনিট।

এরপর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, ২০১৪ সালের ব্রাজিল, ২০১৮ সালের রাশিয়া, ২০২২ সালের কাতার এবং চলতি ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ (আলজেরিয়া ও অস্ট্রিয়া) আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে ম্যাচটি তাই মেসির ফুটবল ক্যারিয়ারে এক অদ্ভুত নস্টালজিয়া আর ২০ বছরের এক রেকর্ডের অবসান ঘটাতে যাচ্ছে। ডালাসের গ্যালারিতে মেসিকে প্রথমার্ধে বেঞ্চে বসে থাকতে দেখা সমর্থকদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য!
