ফিফাকে ‘মুখ ঝামটা’র পর যুক্তরাষ্ট্রের কফিনে বেলজিয়ামের চার পেরেক

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড়োসড়ো এক নাটকের জন্ম দিয়েছিলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে ও ফিফাকে দেওয়া চাপের মুখে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, ওই লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে তিনবার ফোন করেছিলেন মিস্টার প্রেসিডেন্ট। পরে ফিফা ট্রাম্পের সেই আবদার মেনেও নিয়েছিলো।

জবাবে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) ফিফাকে ভেংচি কেটে বলেছিলো, আমরা জানতাম না যে ফিফার কাছে পাঁচ জুলাই মানে এক এপ্রিল। এই সিদ্ধান্ত ফুটবলের সততা ও নৈতিকতাকে নষ্ট করেছে।

যাই হোক, মাঠের বাইরে প্রেসিডেন্টের ক্ষমতার সঙ্গে লড়ার শক্তি না থাকলেও, বেলজিয়াম তার মোক্ষম জবাব দিয়েছে মাঠের লড়াইয়ে—যুক্তরাষ্ট্রের কফিনে চারটি পেরেক ঠুকে।

আর বেলজিয়াম যখন ২-১ গোলে এগিয়ে তখনও স্টেডিয়ামে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ক্যামেরায় দেখা গেলেও ব্যবধান যখন ৩-১ থেকে ৪-১; তখন থেকে ইনফান্তিনোকে আর স্টেডিয়ামে দেখা যায়নি। এও হতে পারে ক্যামেরাম্যান তার মুখটা আর দেখান নাই!

ম্যাচের শুরুতেই চমক দেখান বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন ও জেরেমি ডোকু পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও তাদের শুরুর একাদশে রাখা হয়নি। তবে তাতে বেলজিয়ামের ধার কমেনি। খেলার প্রথম থেকেই মার্কিনিদের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা।

ম্যাচের প্রথম গোলটি আসে চার্লস ডি কেটেলেরের পা থেকে। নিকোলাস রাস্কিনের চমৎকার পাস ধরে সহজেই বল জালে জড়ান তিনি। গোল হজম করার পর যুক্তরাষ্ট্রের মাঝমাঠে ক্রিশ্চিয়ান পুলিসিক ও রক্ষণভাগে ক্রিস রিচার্ডস বারবার বলের দখল হারিয়ে বেলজিয়ামকে সুযোগ করে দিতে থাকেন।

প্রথমার্ধেই অবশ্য নাটকীয়ভাবে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। বিতর্কিতভাবে দলে ফেরা বালোগুন ডি-বক্সের প্রান্তে একটি ফ্রি-কিক আদায় করেন। সেখান থেকে মালিক টিলম্যান মানবপ্রাচীরের ওপর দিয়ে শট নিয়ে বল জালে জড়ান। এই গোলের মাধ্যমে টিলম্যান বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক টুর্নামেন্টে সরাসরি ফ্রি-কিক থেকে দুইবার গোল করার অনন্য কীর্তি গড়েন।

তবে যুক্তরাষ্ট্রের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডান দিক থেকে ট্রোসার্ডের বাড়ানো নিখুঁত ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবার এগিয়ে নেন ডি কেটেলের।

দ্বিতীয়ার্ধে মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো কৌশল পরিবর্তন করে জিও রেইনাকে মাঠে নামালেও লাভ হয়নি। ৫৭ মিনিটে মার্কিন গোলরক্ষক ম্যাট ফ্রিসের এক চরম ভুলের সুযোগ নিয়ে দূর থেকে ফাঁকা জালে বল জড়িয়ে বেলজিয়ামকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন হান্স ভানাকেন।

এরপর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। ৪-১ ব্যবধানের এই হারে যুক্তরাষ্ট্রের গত তিন বিশ্বকাপের মতোই শেষ ষোলো থেকেই বিদায় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে হতাশ মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো বলেন, শুরু থেকেই আমরা খেলার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারিনি। অভিনন্দন বেলজিয়ামকে, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। এই দলের যা সামর্থ্য ছিলো, তা আমরা আজ মাঠে দেখাতে পারিনি।

আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রেড ডেভিলসরা মুখোমুখি হবে স্পেনের।

একাত্তর/এসি
নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অতিরিক্ত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে উল্লাসে মাতে স্প্যানিশরা। আর এই হারের মধ্য...
বজ্রঝড়, মুষলধারে বৃষ্টি আর এস্তাদিও আজতেকার উন্মত্ত পরিবেশ—সব প্রতিকূলতা জয় করে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও স্বাগতিক মেক্সিকোকে...
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের তীব্র তাপপ্রবাহে পুড়ছিলো ফিলাডেলফিয়া। ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রার সেই প্রতিকূল আবহাওয়ায় নিজেদের সেরা ছন্দময় ফুটবলটা হয়তো খেলতে...
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। মিকেল ওয়ারজাবালের জোড়া গোল আর পেড্রো পোরোর এক গোলে অস্ট্রিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
হঠাৎ বন্যার ঝুঁকি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় অর্থনৈতিক সক্ষমতা, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর