তেলের দাম বৃদ্ধি হওয়ায় ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার (৫ নভেম্বর) থেকে কুমিল্লা জেলাতে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তেলের দাম বৃদ্ধিতে আজকে পরিবহন মালিকরা ক্ষতির সম্মুখীন হয়েছে। করোনাকালেও সরকার থেকে কোন প্রনোদণা বা আর্থিক সহায়তা পাননি। বরং যানবাহন বন্ধ থাকায় উল্টো পরিবহন নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হন। বর্ধিত তেলের দাম দিয়ে বাস চলাচলে লোকসান হচ্ছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার থেকে গাড়ি চালাবে না। বাস ও ট্রাক সাধারণ মালিকদের অনুরোধে আমরা সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানাতে বাধ্য হয়েছি।
তিনি আরও জানান, কুমিল্লার তিনটি বাস টার্মিনাল থেকে ২৬টি পরিবহনের প্রায় ২ হাজার বাস চলাচল করে। তেলের দাম বৃদ্ধি হওয়ায় সবাই ক্ষতির মুখে পড়েছে। করোনাকালীন সময়ে আমাদের অনেক লোকসান হয়েছে। তাই সরকার আমাদের সাথে আলোচনা না করে তেলে দাম বাড়িয়ে দিয়েছে। তেলের দামের সাথে ভাড়া সমন্বয় করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি। এদিকে বাস মালিকের সাথে জেলা ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরা একাত্মতা ঘোষণা করেন।
আরও পড়ুন: করোনায় আজও সাতজনের মৃত্যু, কমেছে শনাক্ত
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম, মহাসচিব জলিশ আবদুর রব, অতিরিক্ত মহাসচিব আলী মনসুর ফারুক, কোষাধ্যক্ষ সুভাষ নন্দীসহ বাস ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দ।
একাত্তর/আরএ
