ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবলে ফিনল্যান্ডকে তাদের মাঠে ২-০
গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের রাউন্ডে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত
করা দিদিয়ের দেশমের দল অপরাজিত থেকে শেষ করল বাছাই পর্ব।
নিজেদের মাঠে ফিনল্যান্ডের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। কাতারের টিকেট পেতে জয়ের বিকল্প ছিলো না তাদের। কিন্তু বেনজামা-এমবাপ্পের গোলে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছে ফিনিশদের। দুই গোলের হারে বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের।
মঙ্গলবার রাতে হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে ডি-গ্রুপে খেলায় ফ্রান্সের কাছে হেরে প্লে অফ খেলার সুযোগও শেষ হয়ে গেছে ফিনল্যান্ডের জন্য। সব মিলিয়ে হতাশার এক রাত ছিলো ফিনিশদের জন্য। তৃতীয় হয়ে বাছাই শেষ করেছে স্বাগতিকরা।
প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফ্রান্স। বদলি নেমে ‘ডেডলক’ ভাঙলেন করিম বেনজেমা। গোলে অবদান রাখা কিলিয়ান এমবাপ্পেও পেয়েছেন গোলের দেখা।
আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। অন্যদিকে বসনিয়ার মাঠ থেকে ইউক্রেন ২-০ গোলে জেতায় ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
ফলে প্লে অফে ঠিক হবে ইউক্রেনের ভাগ্য। অন্যদিকে সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিনিশিরা। আর ১৮ পয়েন্ট পাওয়া ফ্রান্স সরাসরি পেয়েছে কাতার বিশ্বকাপের টিকিট।
একাত্তর/এসএ
