বাংলাদেশের জন্য গোটা মধ্যপ্রাচ্য এখন পর্যন্ত সবচেয়ে বড় শ্রমবাজার। প্রতি বছরে লাখো মানুষ জীবিকা জন্য সেখানকার বিভিন্ন দেশে পাড়ি জমান। কিন্তু, মধ্যপ্রাচ্যের যে কোন দেশে কর্মজীবী মানুষদের গুণতে হয় অনেক টাকা। এতে বেড়ে যায় তাদের কর্মক্ষেত্রে যাবার ব্যয়।
আর এই বিষয়টিতে সামনে এনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মধ্যপ্রাচ্যে যেসব কর্মজীবী মানুষ যাচ্ছেন, বিমান ভাড়া ৪০ হাজার টাকা থেকে বেড়ে এক লাখেরও বেশি হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা সহনীয় পর্যায়ে আনতে ইতোমধ্যে বিমান প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য’।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ৩০ ডিসেম্বরকে আমরা প্রবাসী দিবস ঘোষণা করতে চাই। আমাদের মন্ত্রণালয় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছে। যেসব মন্ত্রণালয় এসব দিবসের সঙ্গে জড়িত, তাদের বিশেষ অনুরোধ করবো যেন ৩০ ডিসেম্বর প্রতিবছর প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
আফ্রিকার বিভিন্ন দেশে কর্মসংস্থানে উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মোমেন বলেন, ইতালি ও গ্রিসে আমাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ইতালিতে এই সুযোগ বন্ধ ছিলো। প্রধানমন্ত্রী সফর করার পর তারা আবার বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হয়েছে।
তিনি আরো জানান, সৌদি আরব ও আমিরাতে লোক নিয়োগ বন্ধ ছিলো। প্রধানমন্ত্রীর উদ্যোগে এই দুই দেশে আবারও কর্মী যাচ্ছে। সম্প্রতি লিবিয়ার পরিস্থিতিও আগের চেয়ে উন্নত হয়েছে। হাইকোর্টের রায় আছে লিবিয়ায় লোক না পাঠানোর, সেটিও তুলে নেয়ার চেষ্টা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন দূতাবাস। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান এবং বিমান ভাড়া কমাতে কূটনীতিক তৎপরতা চালানো হচ্ছে।
বাংলাদেশের এক কোটি ২০ লাখ মানুষ বিদেশে কর্মরত আছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘করোনার কারণে এই খাতে চ্যালেঞ্জ দেখা দেয়। কিন্তু সফলতার সঙ্গে সেটা মোকাবেলা করা হয়েছে। প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। অভিবাসীদের জোর করে যেন দেশে না পাঠায় সেজন্য আমরা সেই সময় বিভিন্ন দেশে কথা বলেছি’।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব।
একাত্তর/ এনএ
