ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ছাত্রীদের না রাখার আইন বাতিলের সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আসন বণ্টন সম্পর্কিত নীতিমালা সংশোধনের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনায় বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিবাহিত ছাত্রীদের হলে থাকার যে বিধিনিষেধ এবং প্রচলিত নিয়ম আছে তা বাতিলের দাবি জানিয়েছে আসছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ক সিদ্ধান্ত নিতেই আলোচনায় বসে প্রভোস্ট কমিটি।
এর আগে, শুক্রবার (১৭ ডিসেম্বর) বিবাহিত ছাত্রীদের হলে থাকার বিধিনিষেধ বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হল প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তারা চার দফা দাবি পেশ করেন।
আরও পড়ুন: ঢাবির ছাত্রী হল ইস্যুতে ভিসিসহ ছয় জনকে লিগ্যাল নোটিশ
বুধবার অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে না দেওয়ার বিধি বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়।
সম্প্রতি শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।
প্রসঙ্গত, ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালায় দেয়া আছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না। অথচ ছাত্রদের হলের ক্ষেত্রে বিবাহিত হলে এমন কোনো নিয়ম নেই।
একাত্তর/টিএ
