শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সাফিন হাসনাত সাজিন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙালির মোড় এলাকায় এক দুর্ঘটনায় নিহত হন তিনি।
সাজিন উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও ময়মনসিংহের নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ এপ্রিল) সকালে মোটরসাইকেল চালানো শেখার জন্য একটি মোটরসাইকেল নিয়ে সাজিন বন্দভাটপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়। পরে মোটরসাইকেলটি চালানোর এক পর্যায়ে বাঙালির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খান তিনি।এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিনকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
একাত্তর/এসএ
