ভেজাল প্যারাসিটামল সেবনে ১০৪ শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এছাড়া ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা, ভেজাল ওষুধের অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন অনুসারে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে ।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ভেজাল ওষুধের কারণে শিশু মৃত্যুর দায় ঔষধ প্রশাসন অধিদপ্তর এড়াতে পারে না।
আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অপরপক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান।
রায়ের পর আইনজীবী মনজিল মোরসেদ জানান, ১৯৯১ সালে ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ৭৬ শিশু এবং ২০০৯ সালে রিড ফার্মার প্যারাসিটামল সেবন করে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ২০১০ সালে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন এইচআরপিবি জনস্বার্থে হাইকোর্টে এই রিট দায়ের করে।
রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দিয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে দেশে ২৮ শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম ঢাকার ড্রাগ আদালতে রিড ফার্মার মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন যার এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
একাত্তর/জো
