সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪৪ ধারা উপেক্ষা করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন এক যুবলীগ কর্মী।
শুক্রবার (১০ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় রাতেই আহত যুবলীগ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ কর্মী নাবিল মণ্ডল (৩০) উপজেলার চালা গ্রামের দৌলত মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে যুবলীগ কর্মী নাবিল মণ্ডল তার কনফেকশনারীতে বসে ব্যবসা পরিচালনা করছিলেন।
এসময় আকস্মিকভাবে বেলকুচি থানা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য ও মণ্ডল গ্রুপের জি এম এবং স্থানীয় সংসদ সদস্যের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্নার নেতৃত্বে গাড়ামাসী গ্রামের তোজ্জামেলের ছেলে ইব্রাহিম খলিল সৌরভ, হয়রত আলী, মাসুদসহ একদল সন্ত্রাসী ধারালো দা, ছুরি, লাঠিশোঠা নিয়ে অতর্কিত ভাবে তার দোকানে ভিতরে গিয়ে যুবলীগ কর্মী নাবিদের উপর হামলা চালায় এবং কনফেকশনারী থেকে মালামাল লুটপাট করে নিয়ে যায়।
তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাবিল মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত যুবলীগ কর্মী নাবিল মণ্ডল জানান, 'সন্ধ্যা থেকে আমি দোকানে বসে দোকানদারী করছি। রাত ৮টার দিকে থানা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য আমিরুল ইসলাম ও শাহাদৎ হোসেন মুন্না সহ ২০-২৫ জনের একদল সন্ত্রাসী এসে আমার দোকানের ভিতর ঢুকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় এবং আমার দোকানের ক্যাশের ভিতর থেকে এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।'
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
