যারা অবৈধভাবে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন তাদের রোববার (১৯ জুন) সকাল আটটার মধ্যে বাসার জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাবার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
শনিবার (১৮ জুন) পাহাড় ধসে চার জনের মৃত্যুর পর দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান।
এসময় রোববার সকালে এসব অবৈধ বাসাবাড়ি উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যারা এখানে থাকছেন তারা সবাই ভাড়া দিয়েই থাকছেন। ফলে এখান থেকে চলে গিয়ে অন্যত্র ভাড়া দিয়ে থাকবেন।
তিনি জানান, এর আগেও চট্টগ্রামে বর্ষায় পাহাড় ধসে মানুষের মৃত্যু ঘটেছে। আর যাতে পাহাড় ধসে কোন প্রাণহানি না ঘটে সেজন্য পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হবে।
এসময় যারা এখনও ঝুঁকি নিয়ে পাহাড়ে আছেন তাদের অবিলম্বে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাওয়ারও অনুরোধ করেছেন জেলা প্রশাসক।
রোববার সিটি কর্পোরেশন প্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার (১৭ জুন) রাতের টানা বৃষ্টিতে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পৃথক দুটি পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়েছে এবং এতে আহত হয়েছেন আরও তিনজন।
একাত্তর/জো
