গাজীপুরের শ্রীপুরে মুরগী বহনকারী পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে চাপা পড়ে বেকারি কারখানার ডিস্ট্রিবিউটর ইকরাম হোসেন (২৮) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী (গড়গড়িয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরাম জেলার কাপাসিয়া উপজেলার কাড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে। তিনি মাস্টারবাড়ী (গড়গড়িয়া) এলাকার জম জম বেকারির ডিস্ট্রিবিউটর হিসেবে চাকরি করতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত ইকরাম হোসেন সড়কের উল্টো পাশ দিয়ে বেকারি বহনকারী ভ্যানগাড়ি নিয়ে বাঘের বাজারের দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহগামী দ্রুত গতির মুরগীর পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে ময়লার স্তূপে চাপা দিলে ইকরাম ময়লার ভেতর আটকে যায়।
স্থানীয়রা ময়লা সরিয়ে ইকরামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ও ভ্যান জব্দ করলেও চালক পালিয়েছে।
একাত্তর/আরএ
