বাগেরহাটের ফকিরহাটে নাশকতা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি ককটেল এবং বেশকিছু লাঠিসোটা উদ্ধার করা হয়। আটককৃতদের ফকিরহাট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, বিএনপি-জামায়াতের একদল নেতাকর্মী কাটাখালী এলাকায় নাশকতা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ২১ জনকে আটক করতে সক্ষম হয়েছে। এসময় আরও বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি ককটেল এবং বেশকিছু লাঠিসোটা উদ্ধার করেছে।
আরও পড়ুন: বালুবাহী ট্রাক্টর চাপায় কিশোর হেলপার নিহত
ওসি আরও জানান, আটক ২১ জন কাটাখালী এলাকায় নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
একাত্তর/জো
