‘উনি কি ইন্তেকাল করেছেন?’ প্রশ্নের ব্যাখ্যা দিলেন সিইসি

আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:১৩ এএম

‘উনি কি ইন্তেকাল করেছেন?’- ভোটের দিন বরিশালের আহত এক মেয়র প্রার্থীকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের এই প্রশ্ন নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের মাঝে। তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে সিইসির ওই প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে। 

ইসি সচিবালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটের দিন গণমাধ্যম কর্মীদের কাছ থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে ওই প্রার্থীর বর্তমান শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন। কিন্তু সিইসির বক্তব্যের ‘অলীক ও মনগড়া’ ব্যাখ্যা করে ‘অনুমানর্ভির’ সংবাদ প্রকাশ করা হয়েছে।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: শরিফুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বরিশাল সিটি করপোরেশন ভোটের দিন গত ১২ জুন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ঘুষিতে আহত হওয়ার পর ঢাকায় এ বিষয়ে সিইসির প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তখন কাজী হাবিবুল আউয়াল প্রশ্ন করেন, ‘উনি কি ইন্তেকাল করেছেন?’

ওই ঘটনার পর ইসলামী আন্দোলন বরিশালসহ খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন থেকে দলের প্রার্থীদের প্রত্যাহার করার ঘোষণা দিয়ে ভোট বয়কট করে। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। 

ইসলামী আন্দোলন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করছে। নির্বাচন কমিশনকে ‘ইন্তেকাল কমিশন’ আখ্যা দিয়ে কুশপুতুল বানিয়েছে। ওই বক্তব্যে মানহানির জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসে পাঠানো হয়েছে। 

এরিমধ্যে বরিশালে ভোটের দিনের ঘটনার বর্ণনা দিয়ে ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিফ করার সময় ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা ও রক্তাক্ত করার বিষয়ে সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে প্রার্থীর বর্তমান শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন। 

‘ওই বিষয়টি বিকৃতভাবে ও ভুলভাবে ব্যাখ্যা করে প্রধান নির্বাচন কমিশনার বর্ণিত প্রার্থীকে কটাক্ষ করেছেন এবং তাঁর মৃত্যু কামনা করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। এমনকি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও নির্বাচন কমিশনকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য প্রদান করছেন মর্মে নির্বাচন কমিশনের গোচরীভূত হয়েছে।’ 

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত বিষয় হলো- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বর্ণিত প্রার্থীর ওপর আক্রমণ হওয়ার ঘটনা অবহিত হওয়া মাত্রই প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন। 

ওই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য অজ্ঞাতনামাদের ভিডিও ফুটেজ ও সাক্ষ্য প্রমাণের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে । 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কোনো রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি অনুরাগ বা বিরাগভাজন না হয়ে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি কখনো মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সুনাম ও সম্মানের হানি ঘটে এমন কোনো মন্তব্য করেননি। 

‘প্রধান নির্বাচন কমিশনার বর্ণিত প্রার্থীর মৃত্যু কামনা করেছেন মর্মে প্রচারিত সংবাদ ও বক্তব্য সম্পূর্ন অলীক, মনগড়া, অনুমাননির্ভর ও ভ্রান্তধারণাপ্রসূত। উক্তরূপ অসত্য সংবাদ ও বক্তব্য প্রচার ও প্রকাশ করে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার অপচেষ্টা করা হচ্ছে।’  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তদুপরি, প্রধান নির্বাচন কমিশনারের কোনো মন্তব্য বা বক্তব্যে কোনো ব্যক্তি মর্মাহত হলে তিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’

পাশাপাশি নির্বাচন কমিশনের কোনো বক্তব্য প্রচারে সতর্ক ও দায়িত্বশীল হতে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের প্রতি ইসি সচিবালয় থেকে আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোপরি বাংলাদেশ নির্বাচন কমিশন প্রত্যাশা করে যে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে নির্বাচন কমিশন সংক্রান্ত যে কোনো বক্তব্য ও সংবাদ প্রদান ও প্রচার করবেন এবং বর্ণিত অনুমাননির্ভর ও ভ্রান্তধারণাপ্রসূত মন্তব্য ও সংবাদ প্রচার ও প্রকাশ হতে বিরত থাকবেন।


একাত্তর/আরবি 

সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। এতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পাবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর