বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণা করে সবাইকে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণের শুরুতে কিছু বাধা এসেছিল, তবুও এটি শেষ হয়েছে। আপনারা এ সিনেমার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমার পরিবার, মা-বাবা সম্পর্কে জানতে পারবেন। যে ইতিহাস কখনো শোনেননি, তা-ও উঠে এসেছে এ সিনেমায়। তাই দেশবাসীকে আগামীকাল শুক্রবার হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল। তারাও রক্ত দিয়েছে এই স্বাধীনতার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনেছে। মুজিব বায়োপিক নির্মাণেও তারা আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করেছে। এই বিজয়ের পথে যারা আমাদের সহযোগী হিসেবে ছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনীভিত্তিক; একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং একটি দেশের স্বাধীনতা অর্জনের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। জীবনীভিত্তিক এই সিনেমা থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবেন।
এ সময় সিনেমাটির নির্মাণের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সিনেমার নির্মাতা, প্রযোজনা সংস্থা, অভিনেতা-অভিনেত্রীসহ যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। সবার অপেক্ষা ছিলো প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে সিনেমাটি। সেই অপেক্ষা শেষ হলো। শুক্রবার হলে মুক্তি পাচ্ছে 'মুজিব: একটি জাতির রূপকার'। এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করেছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।
এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়।
চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রদর্শনীর উদ্বোধন