ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কয়েকটি পৌরসভাসহ মোট ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এসব জায়গায় ভোট হবে আগামী ৯ মার্চ।
বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কমিশন সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
তবে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে ভোট নেয়া হবে বলে জানান ইসি সচিব।
তফসিল অনুযায়ী, ২৩৩টি নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি।
বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি।
এরপর ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর শুরু হবে প্রচারণা। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
২৩৩ নির্বাচনের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন হবে সাধারণ নির্বাচন। আর কুমিল্লাসহ সিটি করপোরেশনের শূন্যপদে উপনির্বাচন হবে চারটিতে।
তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ১৫ পৌরসভার শূন্যপদে উপনির্বাচন, ১৩ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ১৯০ ইউনিয়ন পরিষদের শূন্যপদে নির্বাচন এবং জেলা পরিষদের সাতটি শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার এবং ভোটারদেরকেও ভোট দিতে আসার আহ্বান জানান ইসি সচিব জাহাংগীর আলম।
ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট ৯ মার্চ